স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটানো তরুণ আলেম ও আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী অবশেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজ দেশে ফেরার কথা তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানান। আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি।’
তার দেওয়া পোস্ট অনুযায়ী, শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবেন তিনি। এটি তার ‘ওয়ার্ম-আপ প্রোগ্রাম’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, নতুন বছর ২০২৫ সালের জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু করবেন। প্রতিটি বিভাগে একটি করে তাফসির মাহফিলে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। ইসলামের শাশ্বত বাণী প্রচারে বুদ্ধিবৃত্তিক উপায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর তিনি স্বল্প সময়ের জন্য দেশে এসেছিলেন। তবে এবার তিনি দীর্ঘ সময়ের পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছেন বলে জানা গেছে।
আজহারীর এই প্রত্যাবর্তন তার অনুসারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
0 মন্তব্যসমূহ